প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড সম্রাজ্ঞী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। প্রথম সন্তান দুয়া-র জন্মের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন মুহূর্তের মাঝেও পেশাদারিত্বে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না দীপিকা। বর্তমানে ‘রাকা’ এবং ‘কিং’-এর মতো দুটি বড় বাজেটের সিনেমার শুটিং নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন তিনি।
সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, গর্ভাবস্থার কারণে ‘রাকা’ সিনেমায় দীপিকার চরিত্রের ব্যাপ্তি কমিয়ে আনা হতে পারে। তবে এই জল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন ছবিটির নির্মাতারা। দ্য টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক বিবৃতিতে তারা নিশ্চিত করেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ‘রাকা’ সিনেমায় দীপিকা পাড়ুকোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এবং সেটে দারুণ উদ্দীপনার সঙ্গে শুটিং চলছে।’
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং প্রখ্যাত নির্মাতা অ্যাটলির এই বিগ বাজেট প্রজেক্টে দীপিকাকে বেশ কিছু হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এছাড়া বছরের শেষে মুক্তি পেতে যাওয়া শাহরুখ খানের ‘কিং’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তিনি। এই ছবিতে আরও থাকছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানের মতো তারকারা।
উল্লেখ্য, এর আগেও প্রথম সন্তান দুয়া-র জন্মের সময় ‘সিংহাম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছিলেন দীপিকা। গত ১৯ এপ্রিল বড় মেয়ে দুয়া-র একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি জানান দীপিকা-রণবীর। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির ঘর আলো করে ২০২৪ সালের সেপ্টেম্বরে এসেছিল তাদের প্রথম কন্যা। বর্তমানে একদিকে রণবীর সিং তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্য উপভোগ করছেন, অন্যদিকে পরিবারে নতুন সদস্য আসার খবরটি এই তারকা জুটির খুশিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন