শাহাদাত হোসাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে প্রধানমন্ত্রী ও আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক: শিক্ষা প্রতিষ্ঠানে যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এবং সৃজনশীল মুক্তচিন্তার বিকাশে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থায় পাঠাভ্যাস বৃদ্ধির বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের ভেতর সীমাবদ্ধ না রেখে সৃজনশীল বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস কমে যাওয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র এখন থেকে যৌথভাবে কাজ করবে।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠচর্চা কার্যক্রম আরও জোরদার করা। এর আওতায় বইভিত্তিক সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের মননশীলতা বাড়াতে একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেন, যাতে তারা জ্ঞানার্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমানসহ বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই যৌথ উদ্যোগ দেশের শিক্ষা ও সংস্কৃতি চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্তব্য করুন