প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) আগামী ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'-কে যেকোনো মূল্যে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় দেশের পর্যটন ও এভিয়েশন খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী বাজেট ঘোষণার পরপরই কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সেখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে।
দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানের করে তোলার প্রত্যয় ব্যক্ত করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি (PPP) মডেলে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে পর্যটকদের দার্জিলিং বা বিদেশের অন্যান্য স্থানে না গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করা যায়। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক ও টেকসই করতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে এই খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, থার্ড টার্মিনাল এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বাংলাদেশের আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন