প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সরকারের নতুন করে টাকা ছাপানোর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। প্রতিষ্ঠানের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান জানিয়েছেন, গত মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাইপাওয়ার মানি’ বা ছাপানো টাকা। এর প্রভাবে দেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে আয়োজিত ‘ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আশিকুর রহমান বলেন, ‘আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা আত্মঘাতী হবে। আশা করছি সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে। সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে।’ তিনি মনে করেন, অর্থনীতির সংকট কাটাতে কাঠামোগত সংস্কারের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান ব্যবসায়ীদের বর্তমান দুশ্চিন্তার কথা তুলে ধরেন। তিনি জানান, নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে সংশয়ে আছেন। সংকট মোকাবিলায় সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি জোর দেন।
পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, জ্বালানির দাম বাড়লে সব পণ্যের ওপর তার প্রভাব পড়ে। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে ‘হরমুজ ইস্যু’ অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে বর্তমান নির্বাচিত সরকারকে সাহসের সঙ্গে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটার পরামর্শ দেন তিনি। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার এই প্রবণতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
মন্তব্য করুন