মো: রিফাত হোসাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ও সংলগ্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রগুলোতে যান। এ সময় তিনি পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। বিশেষ করে, বর্তমানে দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের প্রেক্ষাপটে পরীক্ষা চলাকালীন সময়ে যেন কোনোভাবেই বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

এদিন ডা. শফিকুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য স্থানীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষ সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোদের তীব্রতা ও প্রচণ্ড গরম থেকে রক্ষায় অভিভাবকদের জন্য ছাউনি এবং সুপেয় পানির যে ব্যবস্থা করা হয়েছে, বিরোধীদলীয় নেতা তা ঘুরে দেখেন এবং উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। প্রতিকূল আবহাওয়ায় এমন মানবিক ও সহযোগিতামূলক পদক্ষেপের জন্য অভিভাবকরাও বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষার এই মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন