প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ‘সিচুয়েশনশিপ’ বা দায়হীন সম্পর্কের ধারণাটি বেশ পরিচিত। যেখানে গভীর প্রেম বা আজীবন টিকে থাকার কঠোর প্রতিশ্রুতির চেয়ে বর্তমানে থাকাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সাধারণত অবিবাহিত বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই শব্দটির ব্যবহার দেখা গেলেও, এবার নিজের বৈবাহিক সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ হিসেবে অভিহিত করে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড প্রযোজক জ্যাকি ভাগনানি। তাঁর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের এই আধুনিক ও স্বচ্ছ সমীকরণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি ভাগনানি তাঁদের সম্পর্কের গভীরতা ও মানসিক স্বাধীনতা নিয়ে কথা বলেন। আইনিভাবে বিবাহিত হওয়া সত্ত্বেও কেন তিনি এই শব্দটি বেছে নিলেন, তার ব্যাখ্যায় জ্যাকি বলেন, তাঁরা দুজনেই জীবনের অনেক চড়াই-উতরাই পার করে এই পর্যায়ে এসেছেন। ফলে একে অপরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার চেয়ে তাঁরা মানসিক পরিপক্বতা ও ব্যক্তিগত স্বাধীনতাকেই বেশি প্রাধান্য দেন। তাঁর ভাষায়, ‘আমরা একে অপরের সঙ্গে এক্সক্লুসিভ, কিন্তু আমাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপ।’
জ্যাকির এই সংজ্ঞায় ‘সিচুয়েশনশিপ’ মানে অনিশ্চয়তা নয়, বরং এক ধরনের স্বচ্ছতা। তাঁর মতে, কোনো সামাজিক বাধ্যবাধকতা নয় বরং নিজেদের ভালো লাগা থেকেই তাঁরা একসাথে আছেন। জ্যাকি বিশ্বাস করেন, একজন মানুষ নিজে সুখী না হলে অন্য কেউ সেই অভাব পূরণ করতে পারে না। এই আত্মউপলব্ধিই তাঁদের সম্পর্ককে প্রথাগত বিয়ের সংজ্ঞার বাইরে নিয়ে গেছে।
উল্লেখ্য, কোভিড লকডাউনের সেই অনিশ্চিত সময়েই জ্যাকি ও রাকুলের প্রেমের সূচনা হয়েছিল। দীর্ঘদিনের জানাশোনা ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। তবে বিয়ের বছর খানেক পার হলেও তাঁদের সম্পর্কের মূল ভিত্তি এখনো সেই লকডাউনকালীন বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান। সমাজ যখন ‘সিচুয়েশনশিপ’-কে দায়বদ্ধতাহীন বা নেতিবাচক হিসেবে দেখে, তখন এই তারকা দম্পতি তাকে দেখছেন সুস্থ ও স্বাধীন একটি আধুনিক সম্পর্কের মাপকাঠি হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই ভিন্নধর্মী জীবনদর্শন নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন