প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম-এর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১১ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৫ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৩০ হাজার ৬০৭ শিশুর মধ্যে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ শিশু, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন।
এছাড়া একই সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪২ জনের এবং সন্দেহভাজন হিসেবে মারা গেছে ২০৯ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
মন্তব্য করুন