তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:২৪ পিএম

অনলাইন সংস্করণ

হাম-এর প্রকোপের মধ্যেই নতুন আতঙ্ক, বাড়ছে জটিলতা

দেশজুড়ে হাম-এর সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, আর সেই সঙ্গে হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে বাড়তি চাপ। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আরেক ধরনের সংক্রমণ।

চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হওয়ার পর অনেক শিশু অ্যাডিনো ভাইরাস-এ সংক্রমিত হচ্ছে, যা দ্রুত নিউমোনিয়া-তে রূপ নিচ্ছে। এই সংক্রমণ চিকিৎসাকে আরও জটিল করে তুলছে, কারণ এতে প্রচলিত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকও কার্যকর হচ্ছে না।

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের ভিড় বেড়েই চলেছে। ওয়ার্ড ও করিডোরজুড়ে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এই পরিস্থিতির একটি উদাহরণ আট মাস বয়সী সাইপান। এক মাস ধরে নিউমোনিয়ায় ভোগার পর পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আবার ২০ এপ্রিল থেকে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন সহায়তা দিতে হচ্ছে।

চিকিৎসকরা জানান, আগে থেকেই শারীরিক জটিলতা থাকা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। তারা সতর্ক করে বলেন, “অ্যাডিনো ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। একমাত্র করণীয় হচ্ছে, আইসোলেশন।”

বিশেষজ্ঞরা বলছেন, হামের পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসা, যথাযথ পরিচর্যা এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

মন্তব্য করুন