সুমন হোসেন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৪ পিএম

অনলাইন সংস্করণ

তরুণ উদ্ভাবকের গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেশের তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে স্বীকৃতি দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে কলেজছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি একটি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেন তিনি। শুধু পরিদর্শনই নয়, তরুণ এই উদ্ভাবককে অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভাবক রিজওয়ানের অদম্য প্রচেষ্টার কথা শুনে প্রধানমন্ত্রী গাড়িটি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী উদ্ভাবকের কাছ থেকে গাড়িটির নির্মাণশৈলী ও কারিগরি দিকগুলো সম্পর্কে বিস্তারিত শোনেন। একপর্যায়ে তাকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর অবসর সময়ে নিজের জমানো টাকা দিয়ে এই উদ্ভাবনী কাজটি সম্পন্ন করেছেন রিজওয়ান রশীদ। কোনো বিদেশি দামি যন্ত্রাংশ নয়, বরং স্থানীয়ভাবে পাওয়া উপকরণ ব্যবহার করে মাত্র এক লাখ টাকা ব্যয়ে তিনি এই রেসিং কারটি তৈরি করেছেন। মাত্র দুই থেকে তিন মাসের পরিশ্রমে তৈরি এই গো-কার্টটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ ডিজাইনে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রিজওয়ান।

প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উৎসাহ দেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন নতুন উদ্ভাবনে যুক্ত হওয়ার উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মেধাবী ও সৃজনশীল তরুণদের এমন সব উদ্যোগকে সরকার ভবিষ্যতে আরও বড় পরিসরে সহায়তা করার পরিকল্পনা করছে। একজন রাষ্ট্রপ্রধানের সাধারণ এক কলেজছাত্রের উদ্ভাবন সশরীরে পরখ করে দেখার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে।

মন্তব্য করুন