প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
মন্ত্রী জানান, এই ভাড়া বৃদ্ধি আজ থেকেই কার্যকর হবে এবং তা শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমানো হলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। এই নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
মন্তব্য করুন