তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৬:০০ পিএম

অনলাইন সংস্করণ

পুলিশকে বিশেষ পদোন্নতি ও ওভারটাইম ভাতার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

পুলিশ বাহিনীর দীর্ঘদিনের একটি বড় অভিযোগ ছিল, বছরের পর বছর একই পদে থেকে অবসরে যেতে হয়, পদোন্নতির মুখ দেখা হয় না। এই বঞ্চনার অবসান ঘটাতে এবার বড় প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত 'প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা'য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে অনেক কনস্টেবল ৪০ বছর চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যান, যা অত্যন্ত দুঃখজনক।

এই সমস্যা সমাধানে সরকার বিশেষ নীতিমালা তৈরি করছে বলে জানান মন্ত্রী। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরের সময় কনস্টেবলদের অনারারি এএসআই, এএসআইদের অনারারি এসআই এবং এসআইদের অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।

অতিরিক্ত কর্মচাপের স্বীকৃতি দিয়ে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সব পদে ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন এবং নতুন হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং ঠেকাতে নতুন আইন প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে। গণপিটুনির সংস্কৃতি বন্ধে বিদ্যমান আইন আরও কঠোর করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন।

মন্তব্য করুন