নাজমুল হুদা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৪:৫০ পিএম

অনলাইন সংস্করণ

'বারবার সীমান্ত রক্তাক্ত করবেন না', সীমান্তে গুলি নিয়ে ভারতের উদ্দেশে রিজভী

ছবি: সংগৃহীত

সীমান্তে বাংলাদেশি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ ধরনের রক্তপাত ভারতের সাধারণ মানুষও চায় না, তাই ভালো সম্পর্কের স্বার্থে এমন আচরণ বন্ধ হওয়া জরুরি। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তৃতাকালে তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানান।

ইঞ্জিনিয়ার কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী সাখাওয়াত হোসেন। এতে রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল, সেগুলো যথাযথ বাস্তবায়নে সরকারের কোনো চেষ্টার কমতি নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে তিনি বলেন, পেশাকে অবমূল্যায়নের সুযোগ নেই, জনগণই মূল্যায়ন করবে। নানা মত থাকতে পারে, কিন্তু দেশাত্মবোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

পূর্বসূরি জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, অতীতের মতো ১০ টাকা কেজি চাল কিংবা ঘরে ঘরে কাজ দেওয়ার মতো ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তিনি করেননি। রিজভী আরও বলেন, ধূসর মরুভূমি সিঙ্গাপুরের উন্নয়নের দৃষ্টান্ত টেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নদী-নালার এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলেও মন্তব্য করেন।

মন্তব্য করুন