প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:১৮ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম আবারও কমেছে। সবশেষে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্তের পর সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলংকারের নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হলো।
নতুন দরপত্র অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; ফলে গ্রাহকের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের কারুকাজ ও ডিজাইন অনুযায়ী নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মজুরি যুক্ত হবে। এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে গহনা পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ হারে কাটার সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বরও বাজুস ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল।
মন্তব্য করুন