বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

বাস্তবজীবনের পর এবার ছোটপর্দায় একসঙ্গে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক

সন্তান জন্মের কারণে দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকার পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ইদানীং তাঁর উপস্থিতি দেখা গেলেও পর্দায় ফেরা নিয়ে এতদিন ভক্তদের অপেক্ষা ছিল। তবে এবার জানা গেছে, শিগগিরই ছোটপর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এতে তিনি একা নন, তাঁর সঙ্গে দেখা যাবে স্বামী তথা জনপ্রিয় কৌতুক অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিককে।

বিনোদন মাধ্যম সূত্রে জানা গেছে, বাস্তবজীবনের এই জনপ্রিয় জুটিকে এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। মূলত রান্না ও মজার নানা খেলার সংমিশ্রণে নির্মিত একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে হাজির হচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী দম্পতি। তবে অনুষ্ঠানটিতে কেবল তাঁরা দুজনই নন, প্রতিযোগী হিসেবে দেখা মিলবে টলিউডের আরও কিছু পরিচিত মুখকে।

মজার এই নতুন রিয়েলিটি শোর নেপথ্য কারিগর হিসেবে রয়েছেন তারকা পরিচালক-নির্মাতা রাজ চক্রবর্তী। ইতোমধ্যে প্রযোজনা দলের পক্ষ থেকে অনুষ্ঠানটির শুটিং প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নতুন এই খবরের পাশাপাশি বড় চমক হিসেবে থাকছে এর সঞ্চালনা, যেখানে সঞ্চালক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে।

যদিও শোটির বিষয়ে প্রযোজক, পরিচালক কিংবা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, শ্রীময়ী চট্টরাজকে সর্বশেষ ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই কাজ শেষ হওয়ার পর নিজের পরিবার ও দ্বিতীয় সন্তানের দেখভালেই ব্যস্ত ছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন মল্লিককে ছোটপর্দা ও সিনেমা—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যেতে দেখা যাচ্ছে।

 

মন্তব্য করুন