প্রকাশিত: ৪১ মিনিট আগে, ০৯:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক, চালকবিহীন স্মার্ট সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা ও নৌ অভিযানের মাধ্যমে প্রণালির প্রবেশমুখ থেকে এটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানিয়েছে তারা।
আইআরজিসির প্রকাশিত বিবৃতি সূত্রে জানা যায়, পানির নিচের কার্যক্রমে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই স্মার্ট সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল। পানির নিচে অনুসন্ধান, সমুদ্রের তলদেশের চিত্রায়ণ (ম্যাপিং), মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শনের মতো স্পর্শকাতর কাজের সক্ষমতা রয়েছে ড্রোনটির। শীঘ্রই বাজেয়াপ্ত এই সাবমেরিনের ছবি ও ভিডিও জনসম্মুখে প্রকাশ করার ঘোষণা দিয়েছে তেহরান।
তবে ইরানের এই দাবি প্রকাশের পরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন সামরিক কর্মকর্তার ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যে সংবেদনশীলতাহীন সাধারণ জরিপ পরিচালনাকালে তাদের একটি পুরোনো মডেলের আন্ডারওয়াটার ড্রোন কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। ড্রোনটিতে কোনো গোপন সোনার বা রাডার সরঞ্জাম ছিল না এবং সেটি সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল না বলে দাবি করে ওয়াশিংটন।
উল্লেখ্য, আঞ্চলিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া হরমুজ প্রণালিতে ইরান অবরোধ বজায় রাখলে জবাবে মার্কিন পক্ষ থেকেও পাল্টা অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করা হচ্ছে। এর মাঝেই নতুন করে ড্রোন আটকের এ ঘটনা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে।
মন্তব্য করুন