আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩৩ মিনিট আগে, ১০:০৬ এ এম

অনলাইন সংস্করণ

৫টি ইরানি ট্যাংকার ধ্বংসের জবাবে পাল্টা আঘাত; হরমুজ প্রণালিতে নতুন সামরিক সংঘাত

পারস্য উপসাগরে নিজেদের পাঁচটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জবাবে ব্যাপক সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কৌশলগতভাবে সংবেদনশীল হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী সমুদ্রসীমায় দুটি মার্কিন সামরিক জাহাজ এবং অন্তত আটটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তারা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর’ ধারাবাহিক শত্রুতা ও আগ্রাসনের জবাবেই তারা এই বৃহৎ পরিসরের প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানি ও সহযোগিতায় প্রণালিটির নির্দিষ্ট ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে যাতায়াতের চেষ্টা করায় আরও ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী’ জাহাজকে তারা কঠোরভাবে লক্ষ্যবস্তু করেছে।

আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা এখনো তাদের সম্পূর্ণ ‘কঠোর ও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের’ অধীনে রয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ এবং ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানা হয়েছিল বলে দাবি করা হয়, যার ফলে জাহাজ দুটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম জানায়, গত দুই দিনে তাদের একটি যুদ্ধজাহাজে আইআরজিসি দুবার হামলা চালানোর চেষ্টা করলেও জাহাজটি সফলভাবে আঘাত এড়িয়ে যায় এবং কোনো সেনা আহত হননি। তবে এর প্রতিক্রিয়ায় পাল্টা আঘাত হেনে তারা অমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে থাকা এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১, এম/টি রিয়েস্কো এবং এম/টি দেরিয়া নামের পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অচল করে দিয়েছে।

মন্তব্য করুন