প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:১৪ এ এম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ এবং তা মানুষের অস্তিত্বের জন্য চরম হুমকি হয়ে ওঠার গভীর আশঙ্কায় শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ থেকে পদত্যাগ করেছেন গবেষক জেকব কক্সন। সিলিকন ভ্যালির টেক জায়ান্ট ও গবেষণাগারগুলো দায়িত্বজ্ঞানহীনভাবে মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলে তথাকথিত ‘সেলফ-ইমপ্রুভিং সুপারইন্টেলিজেন্স’ বা স্ব-উন্নত প্রযুক্তির পেছনে অন্ধের মতো ছুটছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক আবেগঘন ও সতর্কতামূলক পোস্টে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করেন ২৭ বছর বয়সী এ প্রযুক্তিবিদ। এর আগে তিনি আরেক এআই জায়ান্ট ‘ওপেনএআই’-তেও প্রিট্রেনিং বিষয়ে গবেষণা কাজ করেছেন।
পদত্যাগপত্রে জেকব কক্সন লেখেন, "গত তিন বছর ধরে আমি ওপেনএআই এবং অ্যানথ্রপিক—দুই প্রতিষ্ঠানেই প্রিট্রেনিং নিয়ে কাজ করেছি। কোনো কোম্পানিই দায়িত্বশীল আচরণ করছে না। তারা সরাসরি নিয়ন্ত্রণহীন সেলফ-ইমপ্রুভিং সুপারইন্টেলিজেন্সের দিকে এগোচ্ছে এবং বাস্তবে আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে।"
তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, এআই প্রযুক্তি অল্প সময়ের মধ্যেই যেকোনো স্পর্শকাতর ব্যবস্থা হ্যাক করা, বিশ্ব অর্থনৈতিক ও সামাজিক কাঠামো বদলে দেওয়া এবং স্বয়ংক্রিয় সম্পদ অর্জনের ক্ষমতা অর্জন করবে। এমনকি চলতি দশক শেষ হওয়ার আগেই এআই মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে অনেক শীর্ষ নির্বাহীরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন।
কক্সন জানান, এআই ল্যাবগুলোর এক্সিকিউটিভরা প্রকাশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্তিসঙ্গত ও নিরাপদ দাবি করলেও ব্যক্তিগত আলোচনায় নিজেরাই এক চরম ভীতি নিয়ে বাস করেন। অ্যানথ্রপিক সমস্ত ঝুঁকি জানা সত্ত্বেও "অন্য কেউ দায়িত্বশীল হবে না—তাই আমাদেরই সবার আগে পৌঁছাতে হবে" এমন এক অনিয়ন্ত্রিত প্রতিযোগিতার মুখে বৈশ্বিক মানবঝুঁকি বাড়িয়ে তুলছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন