প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:২৯ এ এম
অনলাইন সংস্করণ
তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল 'তামিঝাগা ভেট্রি কাজাগাম'-এর প্রধান থালাপতি বিজয়ের সাম্প্রতিক হুঁশিয়ারির পর এবার দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী এবং বিজেপির লোকসভার সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সচরাচর অন্য সহশিল্পীদের সমালোচনা করে শিরোনামে এলেও, এবার নারীদের প্রতি কুৎসিত মানসিকতা ও চরিত্রহননের বিরুদ্ধে তৃষার পক্ষ নিয়ে জোরালো বক্তব্য রেখেছেন তিনি।
সম্প্রতি হিমাচল প্রদেশের মান্ডির জেলা উন্নয়ন ও পর্যবেক্ষণ সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা রানাউত এই মন্তব্য করেন।
তৃষা কৃষ্ণানকে জড়িয়ে তামিলনাড়ুর সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বিতর্কের কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, "তামিলনাড়ুতে কী ঘটেছিল, তা আমরা সবাই দেখেছি। একজন অত্যন্ত সম্মানিত অভিনেত্রী ও শিল্পীকে কেন্দ্র করে জলঘোলা করা হয়েছে। সম্পর্ক যদি দুই পক্ষের সম্মতিতে হয়েও থাকে, তবুও গালিগালাজ আর চরিত্রহননের শিকার হতে হয় সবসময় নারীকেই।"
কঙ্গনা এই ব্যাধিকে কেবল ভারতের নয়, বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আরও বলেন, "কর্মরত নারী, সফল অভিনেত্রী, রাজনীতিক বা গুরুত্বপূর্ণ পদে থাকা নারীদের সম্মানহানি করতে এবং মানসিকভাবে নিচে নামিয়ে দিতে তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। এই ধরনের হীন মানসিকতা বন্ধ হওয়া জরুরি।"
উল্লেখ্য, সম্প্রতি ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের এক রাজনৈতিক জনসভায় থালাপতি বিজয়কে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম ধরে আপত্তিকর ও অসম্মানজনক স্লোগান তোলা হয়। এক নারীকে প্রকাশ্যে হেয় করার অভিযোগে তীব্র রাজনৈতিক ও আইনি প্রতিক্রিয়া তৈরি হলে গত ৪ আগস্ট চেন্নাইয়ের বাসভবন থেকে উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজয় কুমন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুমকি দিয়েছিলেন, যা এবার পূর্ণ সমর্থন পেলেন বিজেপি এমপি কঙ্গনার কাছে।
মন্তব্য করুন