তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪, নতুন ভর্তি ১৫৫৮ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১৭ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে কেবল আগস্ট মাসেই সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এর আগে জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হলেও জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই এবং মে মাসে এক জনের মৃত্যু রেকর্ড করা হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১,৫৫৮ জন রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৩ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন রয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৩১৬ জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনায় সর্বাধিক ৩৩৪ জন, চট্টগ্রামে ১৬৯ জন, বরিশালে ১৩৭ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ৫৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ৫৯০ জন। তাঁদের মধ্যে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৪৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

মন্তব্য করুন