তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ সেপ্টেম্বার, ২০২৬, ০৮:০২ পিএম

অনলাইন সংস্করণ

গ্রাহকদের সুবিধার্থে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক!

গ্রাহকদের ধর্মীয় ও আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলিত (কনভেনশনাল) এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকে ‘ডুয়াল ব্যাংকিং’ ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আরও জোরালোভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৬৯৯টি শাখার অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে শহরাঞ্চলে ১ হাজার ৭৪টি এবং গ্রামাঞ্চলে ৬২৫টি শাখা রয়েছে। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০টি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২৬টি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১৪১টি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ১৩৮টি এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখা পরিচালিত হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৬টি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮১টি, এক্সিম ব্যাংকের ১৫৫টি, ইউনিয়ন ইসলামী ব্যাংকের ১১৪টি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৫টি শাখা রয়েছে। এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখাও এর অন্তর্ভুক্ত।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ৩৫টি কনভেনশনাল ব্যাংকে মোট ৭৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১ হাজার ১০২টি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক কার্যক্রম চলছে। পাশাপাশি আরও দুটি কনভেনশনাল ব্যাংককে নতুন করে ইসলামী ব্যাংকিং পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থার পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

 

মন্তব্য করুন