তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু; নতুন করে হাসপাতালে ভর্তি ১,২৩৩ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশা বাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৩৫ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮২৩ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বর্ষা ও বর্ষা-পরবর্তী এই সময়ে ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

 

মন্তব্য করুন