বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম: কারণ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এই প্রত্যাশার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যার ফলে বিশ্বজুড়ে স্বর্ণের দামে কিছুটা দরপতন ঘটেছে। একই সঙ্গে মার্কিন মুদ্রানীতির আগামী গতিপথ বুঝতে বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে প্রকাশিতব্য মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট নাগাদ আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪২১.০৪ ডলারে নেমে আসে। অপরদিকে, আগামী ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারের দামও ০.২ শতাংশ কমে ৪,৪৬৬.৯০ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে লেনদেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম ছিল।

স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল প্রধান ওলে হ্যানসেন জানান, গত শুক্রবার প্রকাশিত ইতিবাচক কর্মসংস্থান রিপোর্টের জেরে মার্কিন বন্ডের সুদের হার বেড়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব মতে, ব্যবসায়ীরা এখন সুদের হার বাড়ার সম্ভাবনা ৫৮ শতাংশ বলে মনে করছেন, যা কর্মসংস্থানের রিপোর্ট আসার আগে ৫০ শতাংশ ছিল। এর ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও উল্টো পথে হেঁটে স্বর্ণ ও রুপার দর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, ৪,৩২০ ডলারের কাছাকাছি পর্যায়কে স্বর্ণের বড় ধরণের সমর্থন ( সাপোর্ট লেভেল) হিসেবে দেখা হচ্ছে এবং দাম ৪,৫০০ ডলারের ওপরে উঠলেই আবার বিক্রির চাপ দেখা দিচ্ছে। এখন ব্যবসায়ীদের দৃষ্টি রয়েছে বৃহস্পতিবারের মার্কিন উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবারের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) রিপোর্টের দিকে।

উল্লেখ্য, সাধারণত মূল্যস্ফীতি মোকাবিলার হাতিয়ার হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়লেও সুদের হার বৃদ্ধির খবর নন-ইয়েল্ডিং (সুদহীন) এই মূল্যবান ধাতুটির আকর্ষণ কমিয়ে দেয়। অন্যদিকে সোমবার স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬.০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১,৮২৫.২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ বেড়ে ১,৪০১.৮৪ ডলারে উঠেছে।

 

মন্তব্য করুন