তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:৪২ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভ্যাকসিন কারখানা তৈরিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। তিনি রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতকে তাঁর অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রত্যাবাসন পরবর্তী সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনসহ শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া রোহিঙ্গা সংকট নিরসনে তাঁর দেশের মানবিক সহায়তার কথা তুলে ধরে জানান, মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক হলেও রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হচ্ছে। তা সত্ত্বেও তিনি এই সংকটের টেকসই সমাধানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বহুপক্ষীয় কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের তাগিদ দেওয়া হয়।

মিয়ানমার পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনীতির স্বার্থে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র তৈরিতে জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতা আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন