শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৪

সেনাপ্রধানের প্রশংসাপত্র পেলেন ২০ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রশংসাপত্র পেয়েছেন ২০ সেনাসদস্য। তাদের মধ্যে দুজন আভিযানিক সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সেনাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন শফিউদ্দিন আহমেদ। একই সঙ্গে তাদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কারপ্রাপ্ত ১১ সেনাসদস্য ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক ব্যক্তিবর্গকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।

এসময় সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত দৃঢ় মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম এবং দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের এ স্পৃহা সবার জন্য পাথেয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যকে এ ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন।

শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে এ বছর মোট ২৫৭ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সেনাবাহিনীতে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাপ্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার দেওয়া হলো।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মিরপুর ডিওএইচএসে নবনির্মিত কালচারাল সেন্টার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিওএইচএস পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারটিতে ব্যাংক, কনভেনশন হল, উন্নত চিকিৎসা সুবিধা, করপোরেট অফিস, জিমনেশিয়াম, সেলুন, ক্যাফে, ই-গেমিং জোনসহ সম্ভাব্য সব আধুনিক নাগরিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যা এ এলাকায় বসবাসরত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর