রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৫

প্রেম করে বিয়ে, ১০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১ মে ২০২২  

মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 
শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মনি বেগম (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।

এলাকাবাসী জানায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় মনি ও জামালের। তাদের সংসারে ৭ বছর ও দেড় বছরের দুটি মেয়ে রয়েছে। তিনমাস আগে মনি আক্তারের বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা পরিশোধ করেন মনি বেগমের স্বামী জামাল। 

নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধূ মনিকে ডেকে নিয়ে যায় স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে। 

মৃত্যু নিশ্চিত করে অন্য বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ  জানান, ঘটনার পর পরিবারের লোকজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। নিহত মনি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর