সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৪

জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, চারদিকে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। এখন চলছে বাঁশের কাঠামোর ওপর সামিয়ানা টাঙানোর কাজ। মাঠের ভেতরে একাধিক দর্জিকে সামিয়ানা সেলাইয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ওপরে সামিয়ানা টাঙানো প্রায় শেষ। মাইক ও বৈদ্যুতিক তার বসানোর কাজও প্রায় শেষদিকে। সবমিলিয়ে পুরো ঈদগাহ মাঠজুড়ে পুরোদমে কাজ করছেন শ্রমিকরা। মাঝেমধ্যে সেখানে এসে ঘুরে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঈদগাহ মাঠ প্রস্তুতে টেন্ডার পেয়েছে ‘পিয়ারো সরদার অ্যান্ড সন্স’। এ প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক।

তিনি জাগো নিউজকে বলেন, ‘প্যান্ডেল নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ। এখন শুধু বাকি লাইটিং ও মাটিতে ত্রিপল বিছানোর কাজ। এরপর তার ওপর কাপড় বিছিয়ে দেওয়া হবে। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে লাইটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। শনিবার ত্রিপল ও কাপড় বিছানোর কাজ করবো।’

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


মাঠের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঈদ জামাত ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে কাজ শুরুর পর থেকে পুলিশ টহল দিচ্ছে। মাঠ প্রস্তুতের পর ঈদ জামাত শেষ না হওয়া পর্যন্ত কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

জাতীয় ঈদগাহের নিরাপত্তার বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

গত ১২ এপ্রিল সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান

জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে করোনাভাইরাস মহামারির ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এর পরিবর্তে দুই বছর ধরে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
 

এই বিভাগের আরো খবর