শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৫

আবারও স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় আবারও স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা (ডিসিপি) বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর (বাক্সসহ) প্রতিটির দাম ৫ হাজার টাকা বাড়িয়ে ৮৩ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ৭৮ হাজার টাকায়। এদিকে শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাংলাদেশের সোনার বাজারের ইতিহাসে এর আগে কখনোই এত বেশি দামে সোনা বিক্রি হয়নি। এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ১৭১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ৬৮৫ টাকা। তবে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ফাইন সিলভারের স্মারক মুদ্রার দাম।

এসব মুদ্রার মধ্যে রয়েছে: বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী ১৯৯৬, বাংলাদেশ ব্যাংকের রজতজয়ন্তী ১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন ১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী ২০২১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০১১, বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, জাতীয় জাদুঘরে শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১।  মুদ্রাগুলো বিক্রি হবে আগের দর ৫ হাজার টাকায়।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি চতুর্থ  দফায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এই বিভাগের আরো খবর