তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:৩১ পিএম

অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার বিলম্বিত হওয়ার কারণ জানালেন আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত হওয়ার মূল কারণ হল মামলার তদন্ত ও অভিযোগপত্রে নাকচের প্রক্রিয়া।

রোববার (১৫ মার্চ) দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, ওসমান হাদি ছিলেন জনগণের খুব প্রিয় একজন নেতা। তিনি নিজে সরকারে থাকাকালীন এই হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছিলেন।

তবে দুর্ভাগ্যজনকভাবে মামলার কার্যক্রম এখনও শুরু হয়নি। ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন দেন।

ওসমান হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

এ ধরনের ক্ষেত্রে আদালত সাধারণত অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করতে পারেন না। আদালত মামলাটি আরও তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনও শেষ হয়নি, তাই বিচারও বিলম্বিত রয়েছে।

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সিআইডির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং এতে আর নারাজি না এলে বিচার শুরু হবে। তবে তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতার কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরও পেছাতে পারে। আদালত চাইলে নারাজি উপেক্ষা করে বিচার শুরু করতে পারেন, তবে তাতে বিতর্কের সম্ভাবনা থাকবে।

তিনি শেষে বলেন, “আমরা যতটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এত সরল বিষয় নয়। তবে, সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।”

মন্তব্য করুন