তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে যুবক নিহত

ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. ঈশান অভিযোগ করে বলেন, ‘শহীদ মিনারের ওপর পূর্ব শত্রুতার জের ধরে ৩-৪ যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার মাথায় গুলি লাগে এবং পেটের ডান পাশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘শহীদ মিনার এলাকা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ-এর রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়েছে।’

ঘটনার পর পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন