প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ
আরিফুল ইসলাম আরিফ
জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
১৩ মার্চ, ২০২৬
লালমনিরহাট সদর হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। শুক্রবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ৬ ঘণ্টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কঠোর আল্টিমেটাম দিয়েছেন মন্ত্রী।
শুক্রবার সকালে আকস্মিক হাসপাতাল চত্বরে উপস্থিত হন ত্রাণমন্ত্রী। তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং মেঝেতে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে বিরক্তি প্রকাশ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী, নার্স এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীরা মন্ত্রীর কাছে সরাসরি সেবার নিম্নমান, নোংরা পরিবেশ ও কর্মচারীদের অবহেলার অভিযোগ তুলে ধরেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী
"হাসপাতালের পরিবেশ অত্যন্ত অপরিষ্কার এবং অব্যবস্থাপনায় ভরা। আমি এখানে যা দেখলাম তা মোটেও কাম্য নয়। আগামী ৬ ঘণ্টার মধ্যে এই অপরিষ্কার পরিবেশ পরিষ্কার করতে হবে এবং সব ধরনের অব্যবস্থাপনা দূর করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
হাসপাতালের জনবল সংকটের বিষয়টি স্বীকার করে আসাদুল হাবিব দুলু জানান, তিনি ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলেছেন। খুব দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ফিরিয়ে আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে ত্রাণমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও সেবার মান নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি
মন্তব্য করুন