তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ছবি: সংগৃহীত

মালদ্বীপে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,  তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুই বাংলাদেশি হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোরে সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে সাতজন গুরুতর অগ্নিদগ্ধ হন। ঘটনার সময় অন্যরা পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মো. সোহেল পারভেজ বলেন, “পাঁচজন প্রবাসী ভাইকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। আহত দুইজনের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজন ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল বর্তমানে ওই দ্বীপে অবস্থান করছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণে লেবার কোয়ার্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।

মন্তব্য করুন