প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আহতদের সবাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলার পর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হয়ে ওঠে।
ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া অনেকের অবস্থাই এখনও আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে।
হামলাটি কুয়েতের কোন সামরিক ঘাঁটিতে এবং ঠিক কবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে হামলায় আহত শতাধিক সেনাকে চিকিৎসার জন্য তিনটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে অবস্থিত।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার তীব্রতা বাড়িয়েছে বলে জানা গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।
মন্তব্য করুন