তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

সংগ্রহীত ছবি

ইরানে হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আজ রাতেই ইরান এবং তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা দেখা যেতে পারে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।

পিট হেগসেথ বলেন, “আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইতোমধ্যে ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটিকে বড় ধরনের অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে আরও কঠোর হামলা চালানোর হুমকি দেন। এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজকের হামলাকে সর্বোচ্চ পর্যায়ের বলে উল্লেখ করলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানে ‘এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সেন্টকমের প্রকাশিত তথ্যে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। বিবিসি নিউজ ফার্সি-এর বরাতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।

শুক্রবার সকালে আরাক শহরে বিমান হামলার বহু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই ধরনের খবর কারাজ শহর থেকেও প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন