তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ইরানকে প্রতিবেশী দেশে হামলা না করার আহ্বান জানিয়েছে হামাস

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইরান এবং ইসরাইল–যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংগঠনটির এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক আইন ও নিয়মের আওতায় থেকে সম্ভাব্য সব উপায়ে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে পাল্টা পদক্ষেপ গ্রহণের সময় যেন তা কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে ইরানের নেতৃত্বকে ‘ভাই’ সম্বোধন করে হামাস জানায়, আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে বরং পুরো অঞ্চলের দেশগুলোর উচিত ঐক্যবদ্ধভাবে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক ঐক্য গুরুত্বপূর্ণ। তাই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এমন পরিস্থিতিতে হামাস চাইছে, ইরান যেন তার সামরিক শক্তি সরাসরি প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যবহার করে এবং এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে।

মন্তব্য করুন