প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বুধবার (১১ মার্চ) এই তদন্তের বিস্তারিত জানানো হয়।
তদন্তে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে।
বিবিসি জানায়, এই তদন্তে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা এই তালিকায় নেই।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন,
‘সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে।’
তিনি আরও বলেন, অন্যান্য দেশের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এবং নিজেদের সমস্যা চাপিয়ে দেয়ার প্রবণতা যুক্তরাষ্ট্রকে শিল্পভিত্তিকে রক্ষা করতে বাধ্য করছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। গ্রিয়ার জানান, ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তা জুলাইয়ে শেষ হওয়ার কথা, এবং এর আগেই বাণিজ্য তদন্ত সম্পন্ন হতে পারে।
মন্তব্য করুন