তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, সামরিক পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

সংগ্রহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, ফলে বৈশ্বিক তেল ও গ্যাস বাজারে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে নিজেদের অবস্থান শক্ত রেখেছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচলে বাধা দিতে প্রণালি এলাকায় মাইন পেতে রাখছে ইরান।

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে মার্কিন বাহিনী। একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে, তবে তা দ্রুত সরিয়ে নিতে হবে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজ ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান মাইন বসানো শুরু করেছে—এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে, যদিও আমাদের কাছে এখনো এমন কোনো তথ্য নেই, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।’

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের মাইন বসানোর জাহাজ এবং মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

মন্তব্য করুন