প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১১:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি নতুন গুজবের কেন্দ্রবিন্দুতে পড়েছেন। ৬৬ বছর বয়সী অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে যে, তিনি মা হতে চলেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনার ঝড়।
তবে গুজব প্রসঙ্গে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন। হাসি মিশ্রিত রসিকতায় তিনি জানিয়েছেন, “ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!” প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন। এ সিনেমার প্রসঙ্গ টেনে অভিনেত্রী তার রসিকতা প্রকাশ করেছেন।
জানা গেছে, সম্প্রতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডারের রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সেখানে শাড়ি পরা অবস্থায় তার পেট কিছুটা উঁচু দেখায় অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ ভেবে গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে দেন।
এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নীনা গুপ্তা জানিয়েছেন, “এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। শাড়ির কাপড়টি মোটা ছিল, তাই এমন দেখাচ্ছিল।” তিনি আরও বলেন, “এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়া আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি সমাজ হিসেবে বদলাচ্ছি।”
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন নীনা গুপ্তা। একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক থেকে জন্ম নেন তাদের মেয়ে মাসাবা গুপ্তা। পরে ২০২৩ সালে মাসাবা বিবাহিত হন এবং মা হন।
নেটিজেনদের কৌতূহল ও গুজবের মাঝেও নীনা গুপ্তা রসিকতা ও সৌজন্য বজায় রেখেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন