প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:০৮ এ এম
অনলাইন সংস্করণ
তারেক রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। ইফতারের আগে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। তার মতে, এসব মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।
তিনি আরও বলেন, সরকার স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। দেশে আইনশৃঙ্খলা সুদৃঢ় রাখা, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়।
ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রীর টেবিলে বসে ইফতার করেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফিলিস্তিন, রাশিয়া, থাইল্যান্ড, কাতার ও ওমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বর্তমান সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন