প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, জরুরি প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে একটি অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, প্রায় ১৫ কোটি ১৮ লাখ ডলার মূল্যের এই সম্ভাব্য অস্ত্রচুক্তির আওতায় বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, লজিস্টিক সহায়তা এবং প্রযুক্তিগত সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য বিশেষ একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
ঘোষিত সামরিক প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমাসহ প্রয়োজনীয় সহায়ক সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা আরও জোরদার করবে।
অন্যদিকে, ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের কথাও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার রাতে ইরানের ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও উৎপাদন কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।”
তিনি আরও অভিযোগ করেন, “ইরান অঞ্চলে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে” এবং হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টিও উল্লেখ করেন।
মন্তব্য করুন