তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:০১ এ এম

অনলাইন সংস্করণ

মাহফুজ আলম–তাজনুভা জাবীনের নেতৃত্বে ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের কমিটি ঘোষণা

ফাইল ছবি

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস–এর ‘ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে মোট ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। তাদের মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার করা এই কমিটির অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার কাজ করবে। অলটারনেটিভস জানিয়েছে, এই কমিটিই ভবিষ্যতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের মূল নেতৃত্ব দেবে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই তাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চায় অলটারনেটিভস।

কমিটির সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকাতে অনুষ্ঠিত একটি আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অলটারনেটিভস।

মন্তব্য করুন