প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।
বুধবার (১১ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, “আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। এ বিষয়ে কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছেন।”
এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের দীর্ঘদিনের শাসক আলি খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি খামেনি নিহত হওয়ার পরই মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত শুরু হয়।
সাধারণত আড়ালে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত মোজতবা খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন। গত রোববার তাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মোজতবা খামেনি কিছু আঘাত পেয়েছেন, যার মধ্যে তার পায়েও আঘাত রয়েছে। তবে তিনি সচেতন অবস্থায় আছেন এবং সীমিত যোগাযোগ ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে অবস্থান করছেন।
মন্তব্য করুন