প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রেশনিং ব্যবস্থায় আংশিক শিথিলতা আনা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় বিপিসি এ সিদ্ধান্তের কথা জানায়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহের ওপর যে ২৫ শতাংশ সীমাবদ্ধতা ছিল, তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে আগের তুলনায় পেট্রোল পাম্পগুলো প্রায় ১০ শতাংশ বেশি জ্বালানি পাবে।
বিপিসির বার্তায় বলা হয়, “চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।”
এছাড়া নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ কার্যকর করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের এ বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন