তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০১:৪১ পিএম

অনলাইন সংস্করণ

ড্রোন–ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করল ইরান ‘শত্রুপক্ষের ষড়যন্ত্র’ দাবি

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেহরানকে দায়ী করা হলেও ইরান তা অস্বীকার করেছে। দেশটির দাবি, ইরানের তৈরি ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়।

ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, তাদের উদ্ভাবিত ড্রোনের নকল সংস্করণ ব্যবহার করে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। সাধারণত ‘শত্রুপক্ষ’ বলতে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বোঝায়।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র হওয়ার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার (১৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। একই সময়ে বাহরাইনেও সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় ধেয়ে আসা ১০টি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করেছে।

ইরানের দাবি, ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি নকল সংস্করণ ব্যবহার করে তুরস্ক, ইরাক ও কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তেহরানের মতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব হামলা পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন