প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ঈদুল ফিতরের বড় ছুটির পর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত টানা ছয় দিন ঈদের ছুটি ভোগ করবেন তাঁরা। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে।
ছুটি শুরুর আগের দুদিন ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। শনিবারের ছুটিটি ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যুক্ত করে দেওয়া হতে পারে, যেমনটি ঈদুল ফিতরের সময় করা হয়েছিল। এতে একদিন বেড়ে ছুটি আরও দীর্ঘ হবে।
কেউ চাইলে ঈদের আগে দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েও ছুটি আরও বাড়িয়ে নিতে পারবেন। এক্ষেত্রে ২৪ ও ২৫ মে রোববার ও সোমবার ছুটি নিলে ২২ মে শুক্রবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে সকাল থেকে ৩০ মে সন্ধ্যা পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মে সোমবারও দেশজুড়ে সরকারি ছুটি ঘোষিত হয়েছে। আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজরি সনের শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালিত হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ার রীতি অনুযায়ী আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা পালিত হতে পারে।
মন্তব্য করুন