প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স প্রবেশ করেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, “চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সার্বিক হিসাবে দেশে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়ে। ওই এক মাসেই দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসের সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ, আর নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। গত আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
প্রসঙ্গত, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা রেকর্ড ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি অর্থবছরের ধারাও সেই ঊর্ধ্বমুখী গতিপ্রকৃতি বজায় রেখেছে।
মন্তব্য করুন