প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সেন্ট পিটার্সবার্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পুতিন।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার বিশেষ বার্তা পাওয়ার কথা জানিয়ে পুতিন আরাগচিকে বলেন, 'আমি আপনাকে অনুরোধ করছি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিন।'
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে পুতিন স্পষ্ট ভাষায় জানান, মস্কো এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পিছপা হবে না। তিনি বলেন, 'আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার দেশের এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করব, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠিত হয়।'
ইরানের জনগণের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে পুতিন বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় 'সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে' এবং বর্তমান কঠিন পরিস্থিতি তারা অতিক্রম করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
এদিকে, আরাগচির এই রাশিয়া সফর নিছক দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে তেহরান একটি বিস্তৃত কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক মিত্রদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে মাঠে নেমেছে।
দ্যা মিডল ইস্ট মনিটরের বরাতে জানা গেছে, রাশিয়া তেহরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব কেবল বজায় রাখবে না, বরং তা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।
মন্তব্য করুন