তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৫১ পিএম

অনলাইন সংস্করণ

বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চল, হাওরে বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

উত্তর-পূর্বাঞ্চল ও হাওর এলাকাজুড়ে নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একইসঙ্গে নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

বুধবার পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, নেত্রকোনার ভুগাই-কংস নদী জারিয়া জাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি সমতল উল্লেখযোগ্য হারে বেড়েছে, যদিও এখনো প্রাক-মৌসুমি বিপদসীমার নিচেই বইছে। একই সময়ে উজানে মাঝারি থেকে ভারী এবং হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানি আরও বাড়বে। তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা ছাড়াতে পারে এবং সুরমা নদীর পানি সতর্কসীমায় উঠতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নেত্রকোনায় ভুগাই-কংস নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে থাকায় সেখানকার হাওর ঘেঁষা নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির মুখে পড়তে পারে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানিও তিন দিনে বেড়ে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপৎসীমা ছোঁবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বেড়ে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে মৌলভীবাজারে বিদ্যমান বন্যার অবনতি এবং হবিগঞ্জে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন