তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:০৩ পিএম

অনলাইন সংস্করণ

প্রথম আট মাসে বাণিজ্যঘাটতি বেড়ে ১৬.৯১ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে ১৬ দশমিক ৯১ বিলিয়ন বা ১ হাজার ৬৯১ কোটি মার্কিন ডলার হয়েছে। এই ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২০ বিলিয়ন ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। পণ্য আমদানি বাড়লেও রপ্তানি কমে যাওয়ায় ঘাটতি বেড়েছে। তবে রেমিট্যান্স প্রায় ২১ শতাংশ বেড়ে যাওয়ায় চলতি হিসাবের ঘাটতি কমেছে এবং আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, জুলাই-ফেব্রুয়ারি সময়ে পণ্য রপ্তানি আয় হয়েছে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। তৈরি পোশাকসহ শীর্ষ খাতের রপ্তানি কমায় এই পতন ঘটেছে। অন্যদিকে আমদানি হয়েছে ৪৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি হিসাবের ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়ে হয়েছে ৪ দশমিক ০৮ বিলিয়ন ডলার। ট্রেড ক্রেডিটের ইতিবাচক প্রবাহের কারণে এই উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স বৃদ্ধি না হলে বাণিজ্যঘাটতি আরও বেশি হতো। চলতি হিসাবের উন্নতি সত্ত্বেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের ওপর চাপ অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি বৃদ্ধি ও আমদানি নিয়ন্ত্রণ না করা গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে।

মন্তব্য করুন