তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:০৯ পিএম

অনলাইন সংস্করণ

সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট'

জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপের মধ্য দিয়ে সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে সাতটি বিল, যার মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-সংক্রান্ত সংশোধনী।

পাস হওয়া অন্য বিলগুলো হলো: নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল।

এদিন আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো: জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্যে আনা একটি বিল।

তবে উত্থাপিত তিনটি বিলের ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, ফলে এসব বিল নিয়ে পরে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরকারের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তিনটি বিলে বিরোধী দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে যেন বিরোধী সদস্যরা আরও বিশ্লেষণের সুযোগ পান। আগামী অধিবেশনেই এসব বিষয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন