তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:২৯ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ সংকট অব্যাহত থাকলে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে তেলের দাম আরও চড়া হতে পারে, এমন সতর্কতা দিয়েছে জেপি মরগান। ব্যাংকটি জানিয়েছে, যদি হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী থাকে, তবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, “নিকট ভবিষ্যতে তেলের দাম ১২০ থেকে ১৩০ ডলারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।” জেপি মরগান আশা করছে, হরমুজ প্রণালির সংকট শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে তার আগ পর্যন্ত বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট এবং মজুত হ্রাসের কারণে দাম চড়া থাকবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক বা জুন মাস পর্যন্ত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে থাকবে। বছরের শেষার্ধে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং প্রণালী আংশিকভাবে খোলা হলে দাম পুনরায় কমতে পারে।

তবে ব্যাংকটি বড় ঝুঁকির কথাও উল্লেখ করেছে, উচ্চমূল্য কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যতের ওপর। দীর্ঘ সময় ধরে দাম চড়া থাকলে বিশ্বজুড়ে পণ্য ও সেবার চাহিদা মারাত্মকভাবে কমে যেতে পারে, যা বৈশ্বিক মন্দার পথ প্রশস্ত করতে পারে।

উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঊর্ধ্বমুখী প্রবণতা কেবল উন্নয়নশীল দেশ নয়, বরং উন্নত বিশ্বের সামষ্টিক অর্থনীতির জন্যও বড় ধরনের ধাক্কা হতে পারে।

মন্তব্য করুন